উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,ফলতা : ভোটের প্রচারের শেষ দিনে ভোট থেকে নিজের সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান।ফলতা তথা দ:২৪ পরগনার অঘোষিত অভিষেক ঘনিষ্ঠ বেতাজ বাদশা ছিলেন এই জাহাঙ্গীর খান। ফলতার উন্নয়নের স্বার্থে তিনি সরে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন।মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেন তৃনমূল প্রার্থী জাহাঙ্গির খান।

এ দিন জাহাঙ্গির খান বলেন,আমি ফলতার ভূমিপুত্র,আমি চাইব ফলতা ভালো থাকুক এবং ফলতার আরও বেশি বেশি উন্নয়ন হোক।সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই কারণেই আগামী ২১ শে মে যে পুন নির্বাচন আছে, সেই লড়াই থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম।ফলতার উন্নয়নের স্বার্থে, শান্তিরক্ষার স্বার্থে তিনি নিজেকে সরিয়ে নিলেন বলে জানিয়েছেন।২৯ শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট ছিল ফলতায়। সেই ভোটে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল। ইভিএম-কালি লাগানো, বোতামে টেপ লাগানোর অভিযোগ উঠেছিল।তবে এ দিন সাংবাদিক সম্মেলেন জাহাঙ্গির খান ওই বিষয়ে বলেন, তিনি এসব কিছুই করেননি, কারা করেছে জানেন না।
জাহাঙ্গির খান সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেও অফিসিয়ালি এ ভাবে সরে দাঁড়ানো যায় না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নাম তুলে নেওয়ার সময় পেরিয়ে গিয়েছে।ইভিএম মেশিনে তৃণমূল কংগ্রেসের লোগো থাকবে এবং সেখানে জাহাঙ্গিরের নামই থাকবে। নাম তুলে নেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। তা পেরিয়ে গেছে।আর এই সরে দাঁড়ানোটা জাহাঙ্গীর খানের ব্যক্তিগত ব্যাপার বলে তৃণমূল সূত্রে জানা গেল।আর এই সরে দাঁড়ানোয় বিজেপির প্রার্থীর জয়ের কাজটা আরও সহজ হয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।







