আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ছাদে ফুল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট! একে একে প্রাণ গেল দেওর-বৌদির, হাসপাতালে গুরুতর আহত জা!

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রায়না :-পূর্ব বর্ধমানের রায়নায় মর্মান্তিক দুর্ঘটনা, সেহারা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া! পূর্ব বর্ধমানের রায়না থানার সেহারা গ্রামে মঙ্গলবার সকালে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। জানা গেছে ছাদে ফুল তুলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে থাকা লোহার জিআই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দেওর ও বৌদির। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও এক সদস্য। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরপর তিনজন বিদ্যুতের সংস্পর্শে চলে আসার ঘটনায় মুহূর্তের মধ্যে আনন্দের সংসারে নেমে আসে শোকের ছায়া।মৃতদের নাম আদরী মিত্র (৩৪) এবং তাঁর দেওর মনোজ মিত্র (৫২)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাথী মিত্র, যিনি মৃত আদরী মিত্রের জা এবং মনোজ মিত্রের স্ত্রী।


পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও সাথী মিত্র বাড়ির ছাদে ফুল তুলতে গিয়েছিলেন। ফুল পাড়ার সময় আচমকাই ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে থাকা একটি লোহার জিআই তারের সংস্পর্শে চলে আসেন তিনি। মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদের উপর পড়ে যান সাথী। সাথীকে ওই অবস্থায় দেখতে পেয়ে তাঁকে বাঁচাতে ছুটে যান তাঁর জা আদরী মিত্র। বিপদের কথা বুঝে দ্রুত সাথীকে বিদ্যুতের সংস্পর্শ থেকে ছিটকে সরিয়ে দিতে সক্ষম হলেও, তাঁকে বাঁচাতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন আদরী। এদিকে, দুই মহিলাকে ওই অবস্থায় দেখতে পেয়ে তাঁদের উদ্ধারের জন্য ছুটে আসেন মনোজ মিত্র। কিন্তু পরিস্থিতি বুঝে ওঠার আগেই তিনিও বিদ্যুতের সংস্পর্শে চলে যান। মুহূর্তের মধ্যে পরপর তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা পরিবারে।


পরিবারের অন্যান্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তিনজনকেই উদ্ধার করেন। এরপর কোনওরকম সময় নষ্ট না করে তাঁদের তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে মনোজ মিত্র ও আদরী মিত্রকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত সাথী মিত্রকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।মৃত আদরী মিত্রের স্বামী তাপস কুমার মিত্র জানিয়েছেন, প্রতিদিনের মতো ফুল তুলতে গিয়েই এই ভয়াবহ দুর্ঘটনার সূত্রপাত। স্ত্রীকে বাঁচাতে গিয়ে একে একে পরিবারের দুই সদস্যের মৃত্যু এবং আর এক সদস্যের গুরুতর আহত হওয়ার ঘটনায় কার্যত ভেঙে পড়েছে গোটা পরিবার।

See also  তৃণমূল কার্যালয় লাগোয়া ঘরে দিনের পর দিন মহিলাকে শারীরিক নির্যাতন -গ্রেপ্তার তিন ডাকাবুকো তৃণমূল কর্মী

এই মর্মান্তিক ঘটনায় সেহারা গ্রামের পরিবেশ ভারাক্রান্ত হয়ে উঠেছে। একই পরিবারের দুই সদস্যের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ আত্মীয়স্বজন থেকে শুরু করে প্রতিবেশীরাও। সকালবেলার একটি স্বাভাবিক মুহূর্ত যে এভাবে পরিবারের কাছে চরম বিপর্যয় ডেকে আনবে, তা যেন এখনও বিশ্বাস করতে পারছেন না কেউ। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।মঙ্গলবারের এই মর্মান্তিক ঘটনায় সেহারা গ্রামে এখন শুধুই কান্নার রোল। একজনকে বাঁচাতে গিয়ে আর একজন, তাঁকে বাঁচাতে গিয়ে আরও একজন—পরপর প্রাণ হারালেন একই পরিবারের দুই সদস্য। হাসপাতালে পরিবারের আরও একজন। এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি