ভাতাড়ের নবনির্বাচিত বিজেপি বিধায়ক সৌমেন কার্ফা দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই কৃষি ও গ্রামীণ উন্নয়নকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন। সোমবার আয়োজিত বৈঠকে এলাকার কৃষকদের সমস্যা, ধান ও অন্যান্য ফসলের ন্যায্য দাম, চালকল শিল্পের উন্নয়ন এবং সরকারি পরিষেবার স্বচ্ছতা নিয়ে প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি।

বিধায়ক জানান, কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই নতুন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। কৃষিপণ্যের সঠিক মূল্য যাতে চাষিরা পান, সেই বিষয়ে প্রশাসনকে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশও দেন তিনি। পাশাপাশি এলাকার চালকলগুলির আধুনিকীকরণ ও পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
নির্বাচনী প্রচারে মানুষের পাশে থাকার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, প্রশাসনিক বৈঠকের প্রথম দিনেই তার প্রতিফলন দেখা গিয়েছে বলে মনে করছেন অনেকেই। বৈঠক শেষে সৌমেন কার্ফা বলেন, সাধারণ মানুষের জন্য চালু থাকা কোনও সরকারি প্রকল্প বন্ধ করা হবে না। বরং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প আরও সক্রিয়ভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

বিশেষ করে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে তিনি বলেন, স্বাস্থ্য পরিষেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই প্রকল্পকে গুরুত্ব দিয়ে কার্যকর করা হচ্ছে। পাশাপাশি প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও দ্রুত পরিষেবা নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হবে বলে জানান তিনি।
প্রথম বৈঠকের পর ভাতাড় জুড়ে নতুন আশার পরিবেশ তৈরি হয়েছে। কৃষক থেকে সাধারণ মানুষ— সকলেরই প্রত্যাশা, উন্নয়ন ও পরিষেবার ক্ষেত্রে এবার বাস্তব পরিবর্তনের সূচনা হবে।









