আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দিল্লিতে তৃণমূল বিধায়ক ঋতব্রতর সঙ্গে ‘হঠাৎ দেখা’ মুখ্যমন্ত্রী শুভেন্দুর, জল্পনা রাজনৈতিক মহলে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:- ভোটে ভরাডুবির পর থেকেই তৃণমূলের অন্দরে ক্ষোভ ও বিদ্রোহের সুর ক্রমশ জোরালো হচ্ছে। দলের একাংশের বিরুদ্ধে দুর্নীতি ও কিছু নেতার বাড়বাড়ন্ত নিয়ে যাঁরা প্রকাশ্যে সরব হয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর সেই ঋতব্রতর সঙ্গেই দিল্লিতে আচমকা সাক্ষাৎ হয়ে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।

 

 

 

সূত্রের খবর, শুক্রবার দুপুরে দিল্লির বঙ্গভবনে মধ্যাহ্নভোজ করতে গিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে সেই সময় বঙ্গভবনেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির সদর দপ্তর থেকে বঙ্গভবনে পৌঁছনোর পর তৃণমূল বিধায়ককে দেখে সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী। দু’জনের মধ্যে অল্প সময়ের জন্য কথাবার্তাও হয় বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, শুভেন্দু অধিকারী ঋতব্রতকে “বিধায়ক সাহেব” বলে সম্বোধন করে বলেন, “উন্নয়নের স্বার্থে আমরা বৈঠক ডাকব। আপনাদেরও ডাকব। আপনারা আসবেন।” জবাবে ঋতব্রত হেসে “দেখব” বলে প্রতিক্রিয়া জানান।

 

 

 

ঘটনা নিয়ে যোগাযোগ করা হলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা সম্পূর্ণই আচমকা দেখা হয়ে যাওয়া। আমি সাংসদ হিসেবে প্রাপ্ত বাংলো ও অন্যান্য কাগজপত্র জমা দিতে দিল্লি এসেছি। দুপুরে খেতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রায় ৪০ সেকেন্ড কথা হয়েছে। এতে কেউ গোপন বৈঠকের তত্ত্ব খুঁজে পেলে সেটা তাঁদের ব্যাপার।” তিনি আরও বলেন, “এরপর দিল্লিতে এলে বঙ্গভবনেই উঠব। তখনও অনেকের সঙ্গে দেখা হবে। তা নিয়েও কি জল্পনা তৈরি হবে?” প্রসঙ্গত, কয়েকদিন আগেই দলের একাধিক সিদ্ধান্ত এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছিলেন ঋতব্রত। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলকে ১৫ দিনের সময়সীমাও বেঁধে দিয়েছিলেন তিনি। সেই আবহে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর এই আকস্মিক সাক্ষাৎ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও ঋতব্রতের দাবি, এই সাক্ষাৎকে ঘিরে অযথা জল্পনার কোনও কারণ নেই।

See also  অ্যাসিড হামলায় দগ্ধ হলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা তৃণমূল সমর্থক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি