বর্ধমান: বর্ধমান ১নং ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক কাজকে আরও গতিশীল, কার্যকর এবং জনমুখী করে তোলার লক্ষ্যে বুধবার অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভা। এই বৈঠকে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক সৌমেন কার্ফা, ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। বৈঠকে এলাকার সামগ্রিক উন্নয়ন, সাধারণ মানুষের প্রয়োজনীয়তা এবং বিভিন্ন এলাকার অগ্রাধিকারভিত্তিক সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আগামী দিনে কোন কোন উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সেই কাজগুলির বাস্তবায়ন কীভাবে আরও দ্রুত ও কার্যকর করা যায়, তা নিয়েও মতবিনিময় হয়।

বিধায়ক সৌমেন কার্ফা জানান, এলাকার মানুষের প্রয়োজন ও জনস্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়েই আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হচ্ছে। বর্ধমান ১নং ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প যাতে দ্রুত বাস্তবায়িত হয় এবং তার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যেই প্রশাসনের সঙ্গে এই আলোচনা ও মতবিনিময়। তিনি আরও বলেন, “জনস্বার্থে উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য”। এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে আগামী দিনেও কাজ চলবে বলেও তিনি আশাবাদী। বুধবারের এই গুরুত্বপূর্ণ বৈঠককে কেন্দ্র করে বর্ধমান ১নং ব্লকের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতি পাবে বলেই মনে করা হচ্ছে এলাকাবাসীদের তরফে ।









