নিজস্ব সংবাদদাতা, সেহারা বাজার:- কৌশিকী অমাবস্যা উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে মা কালীর পুজো। এই বিশেষ তিথিকে ঘিরে তারাপীঠেও ভক্তদের ঢল নামে। বিশ্বাস করা হয়, কৌশিকী অমাবস্যার এই তিথিতেই তারাপীঠে সাধক বামদেব সিদ্ধিলাভ করেছিলেন। তাই এই দিনে লক্ষ লক্ষ ভক্ত তারাপীঠে ছুটে যান মায়ের কাছে মনস্কামনা পূরণের আশায়।

তবে এবার তারাপীঠে না গিয়ে নিজের বাড়িতেই ভবতারিণী রূপে মা কালীর আরাধনা করলেন পূর্ব বর্ধমানের সেহারা বাজারের বাসিন্দা কাশি ঘোষের পরিবার। কৌশিকী অমাবস্যা উপলক্ষে কাশি ঘোষের বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। পুজোকে কেন্দ্র করে আলোকসজ্জায় সেজে উঠেছে গোটা এলাকা। বাড়ির পুজো দেখতে স্থানীয় বাসিন্দারাও ভিড় করছেন।
ভক্তদের জন্য মায়ের দর্শনের পাশাপাশি ভোগেরও আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।পরিবারের সকল সদস্য একত্রিত হয়ে ধুমধাম করে এই পুজোয় সামিল হয়েছেন। বাড়ির পুজোকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের আমেজ তৈরি হয়েছে সেহারা বাজার এলাকায়।









