কালনা:- পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঘুমিয়ে থাকার সময় সাপের কামড়ে মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে কালনা থানার অকালপোষ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সুভদ্রা দাস (৫৫)। তিনি কালনা থানার অন্তর্গত অকালপোষ এলাকার বাসিন্দা। পরিবারের সদস্যদের দাবি, মঙ্গলবার গভীর রাতে স্বামী ও মেয়ের সঙ্গে মাটিতে শুয়ে ঘুমাচ্ছিলেন সুভদ্রা দেবী। সেই সময় আচমকাই একটি বিষধর সাপ তাঁর বাঁ পায়ে কামড় দেয়।

সাপের কামড়ের বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে গাড়ির ব্যবস্থা করে রাতেই কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। কিন্তু অবস্থার দ্রুত অবনতি হওয়ায় শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বুধবার মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয় কালনা মহকুমা হাসপাতালে। ঘটনার পর থেকেই মৃতার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় গ্রামীণ এলাকায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের আধিকারিকরা। বিশেষ করে মাটিতে শোওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। সাপের কামড়ে এই অকাল মৃত্যুতে শোকস্তব্ধ অকালপোষ এলাকার বাসিন্দারা।












