পেট্রোল ও ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের উদ্যোগে বর্ধমান শহরে অভিনব প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বর্ধমানের পারবীরহাটা থেকে কার্জন গেট পর্যন্ত একটি চারচাকা গাড়িতে দড়ি বেঁধে টেনে নিয়ে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মী ও সমর্থকরা।

জেলা কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, জ্বালানির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেছে। পরিবহণ খরচ বৃদ্ধির প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও। এর ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে পেট্রোল-ডিজেলের দাম কমানোর দাবি জানান। প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানান কংগ্রেস নেতৃত্ব।
পারবীরহাটা থেকে শুরু হওয়া এই মিছিল শহরের গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে কার্জন গেটে এসে শেষ হয়।তারপর কার্জন গেটে একটি পথসভার আয়োজন করা হয়।এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল দেখা যায়। কংগ্রেসের দাবি, জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তাদের আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে।









