নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের বংশগোপাল টাউন হলে আয়োজিত হল ‘Run for রাঢ়’ অনুষ্ঠান। সুস্থ জীবনযাপন, পরিবেশ সচেতনতা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার বার্তা নিয়ে এই বিশেষ সাইক্লিং ও রানিং উদ্যোগের আয়োজন করা হয়।

শনিবার সকালে বংশগোপাল টাউন হল প্রাঙ্গণ থেকে এই কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র এবং পূর্ব বর্ধমানের জেলা শাসক শ্বেতা আগারওয়াল। এছাড়াও প্রশাসনের বিভিন্ন আধিকারিক, ক্রীড়াপ্রেমী মানুষ, পরিবেশকর্মী এবং জেলার বহু বাসিন্দা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ে পরিবেশ রক্ষা এবং স্বাস্থ্য সচেতনতা— এই দুই বিষয়কে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। সেই লক্ষ্যেই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাইক্লিং ও দৌড়ের মাধ্যমে পরিবেশবান্ধব জীবনযাপনের বার্তাও তুলে ধরা হয়।
অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিশ্ব উষ্ণায়ন ও দূষণের বিরুদ্ধে লড়াইয়ে গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং নিয়মিত শরীরচর্চার মতো অভ্যাস গড়ে তোলার আহ্বানও জানানো হয় অনুষ্ঠানের মঞ্চ থেকে।

পরিবেশ রক্ষার অঙ্গীকার এবং সুস্থ সমাজ গঠনের প্রত্যয়ে ‘Run for রাঢ়’ কর্মসূচি পূর্ব বর্ধমানে বিশ্ব পরিবেশ দিবসের উদযাপনে এক নতুন মাত্রা যোগ করেছে।












