কৃষ্ণ সাহা,রায়না :-রায়না দুই ব্লকের আরুই আঞ্চলিক আহার চন্ডী বিদ্যাপীঠে বুধবার যেন ছিল গর্ব, আবেগ আর আনন্দের এক অন্যরকম মুহূর্ত। মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিতে আয়োজিত অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় স্কুল চত্বরে।জানা যায়, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় এই বিদ্যালয় থেকে মোট ৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে প্রায় সকলেই সফলভাবে উত্তীর্ণ হয়েছে। আর সেই সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করেছে বিদ্যালয়ের ছাত্রী ঐশিকা আনন্দি। সে অর্জন করেছে ৭৭৬ নম্বর এবং রায়না-২ ব্লকের মধ্যে সেরা স্থান অধিকার করে স্কুলের নাম উজ্জ্বল করেছে।

পাশাপাশি বিদ্যালয়ের আরও এক কৃতি ছাত্রী ঋত্বিকা মণ্ডল পেয়েছে ৬৫৫ নম্বর। দুই ছাত্রীর এই অসাধারণ সাফল্যে খুশির হাওয়া বইছে শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে গোটা এলাকাজুড়ে।
বুধবার বিদ্যালয়ের পক্ষ থেকে ঐশিকা ও ঋত্বিকাকে ফুল, উত্তরীয় ও স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শেখ মুকলেস হোসেন, একাডেমিক কাউন্সিলের সম্পাদক সৌমেন্দু বাবু, প্রধান শিক্ষক উদয়চাঁদ দাস সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
প্রধান শিক্ষক উদয়চাঁদ দাস বলেন, “গ্রামের মাটিতেও যে ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে বড় সাফল্য অর্জন করা যায়, আমাদের ছাত্রীরা আজ তা প্রমাণ করেছে। তাদের এই সাফল্য আগামী প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে”।সংবর্ধনা মঞ্চে কৃতি ছাত্রীরা নিজেদের সাফল্যের কৃতিত্ব দিয়েছে শিক্ষক ও অভিভাবকদের। আর সেই মুহূর্তে আবেগে ভেসেছেন অনেকেই। গ্রামের সাধারণ পরিবারের মেয়েদের এই সাফল্য যেন নতুন স্বপ্ন দেখাচ্ছে রায়নার বহু ছাত্র ছাত্রীকে।








