পূর্ব বর্ধমান: রাতের অন্ধকারে সশস্ত্র অবস্থায় বাড়িতে চড়াও হয়ে বিজেপির এক বিএলএ-২-কে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক নেতার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে জামালপুর এলাকায়। অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু করেছে পুলিশ।
বিজেপির দাবি, এসআইআর (SIR) পর্বে জামালপুরের পাড়াতল ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত পর্বতপুরের ১২৯ নম্বর বুথে বিএলএ (২) হিসেবে দায়িত্ব পান নবকুমার কর্মকার। তিনি লিখিত অভিযোগে জানিয়েছেন, গত মঙ্গলবার রাত প্রায় ১১টা নাগাদ স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী লাল্টু ভঞ্জ ও তাঁর অনুগামীরা হাতে ধারালো অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে চড়াও হন। অভিযোগ, তাঁকে মারধর করা হয় এবং অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয়— “বিজেপি করলে প্রাণে মেরে দেওয়া হবে।” এমনকি পুলিশে জানালেও ফল হবে না বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন নবকুমার কর্মকার।
ঘটনার পর আক্রান্তকে সঙ্গে নিয়ে জেলা পুলিশ দফতর ও জামালপুর থানা-য় যান জামালপুর ১ মণ্ডলের বিজেপি সভাপতি প্রধানচন্দ্র পাল। তাঁর অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় ভুয়ো ভোটার চিহ্নিত হওয়ায় তৃণমূলের একাংশ চাপে পড়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বুথ স্তরে বিজেপি কর্মীদের ভয় দেখাতেই এই হামলা বলে দাবি তাঁর।
অন্যদিকে, অভিযুক্ত লাল্টু ভঞ্জ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। জেলা তৃণমূল নেতৃত্বের তরফে শ্রীমন্ত রায় ও শুভ্রনীল চৌধুরী বলেন, বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতেই ভিত্তিহীন অভিযোগ করছে। তাঁদের দাবি, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই এই প্রচার চালানো হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।







