নতুন বছর শুরুতেই বাংলার রাজনীতিতে জোরদার ভাবে শুরু হয়েছে ভোটের প্রচার। এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ শাসকদল—পুরোদমে চলছে রাজনৈতিক প্রস্তুতি। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে বুথে বুথে শুরু হয়েছে ‘উন্নয়নের পাঁচালী’ কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগড়াই অঞ্চলের মোট ৬টি বুথে অনুষ্ঠিত হলো উন্নয়নের পাঁচালী কর্মসূচি। আহালাদিপুর থেকে শুরু হয়ে তারাপোষ, পুনিয়া, আমিলা বাজার, জরুল, কাঁটাপুকুর হয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এদিন কর্মসূচিতে নেতৃত্ব দেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। কর্মসূচি থেকে তিনি বলেন, “৩৬৫ দিন আমরা মানুষের জন্য কাজ করি। মানুষ জানে কোথায় ভোট দিতে হবে। আমরা তাদের কাছে গেলে অনেকেই বলেন—আপনারা ঘরে বসে থাকুন, আমরা ঠিক ভোট দিয়ে দেব।” বক্তব্যের শেষে তিনি বিজেপিকে কটাক্ষ করে তাদের ‘পরিযায়ী পাখি, বর্গির দল’ বলে আক্রমণ করেন।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম ও বিদ্যুৎকান্তি মল্লিক, পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাধাকান্ত মণ্ডল ,পঞ্চায়েত সদস্য অসীম দে, তৃণমূল নেতা মিলন চৌধুরী, মহিলা নেত্রী চম্পা, মৌসুমী সহ দলের অন্যান্য কর্মী ও সমর্থকেরা।








