উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, মথুরাপুর : সামনে বাংলায় নির্বাচন।এস আই আর নিয়ে কঠিন সমালোচনার মুখে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপির সরকার।শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেয়েছে।আর তার ঠিক দুদিন পরে সোমবার দক্ষিন ২৪ পরগনার রায়দীঘি বিধানসভার মথুরাপুর বাপুলীবাজার সংলগ্ন মাঠের প্রকাশ্য জনসভায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দু ভোট ব্যাংককে সামনে রেখে একজন ও হিন্দু শরণার্থীর নাগরিকত্ব যাবে না বলে ঘোষণা করলেন।চূড়ান্ত ভোটারতালিকায় এখনও পর্যন্ত কমবেশি প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে।
আর সেই তালিকায় রয়েছে একাধিক মতুয়াদের নাম।যা নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক, উদ্বেগ সংশয়। এমনকী ফের দেশ ছাড়া হওয়ার আশঙ্কাও তাড়া করে বেড়াচ্ছে তাদের।আর এই কঠিন পরিস্থিতিতে ফের একবার হিন্দু শরণার্থীদের পাশে থাকার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।তফসিলি অধ্যুষিত মথুরাপুরের ভীড়ে ঠাসা সভা থেকে এদিন তিনি বলেন,কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে।একজন হিন্দু শরণার্থীর নাগরিকত্ব যাবে না।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ১ লা মার্চ থেকে রাজ্য জুড়ে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে বিজেপি। ২৯৪ টি আসনেই এই যাত্রা হবে। যেখানে একাধিক কেন্দ্রের নেতা-মন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।আর এদিন মথুরাপুর সাংগঠনিক জেলার সেই সভাতে যোগ দিতেই হেলিকপ্টারে মথুরাপুরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখান থেকে শিক্ষক দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ করেন তিনি। পাশাপাশি কেন ‘পরিবর্তন যাত্রা’ তারও ব্যাখ্যা করেন শাহ।
তিনি এদিন বলেন, পরিবর্তন যাত্রা শুরু হয়েছে বাংলায় পরিবর্তনের জন্য। এই যাত্রা মুখ্যমন্ত্রী বদলানো নয়। বাংলার মানুষই বদলাবেই। কিন্তু পরিবর্তনের অর্থ অনুপ্রবেশমুক্ত বাংলা তৈরি করা।” আর এদিন তা বলতে গিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন অমিত শাহ। শুধু তাই নয়,তৃণমূলের একাধিকনেতা মন্ত্রীর নাম উল্লেখ করেন তিনি।পাশাপাশি এদিন তিনি সরকারি চাকরি নিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন।তিনি বলেন,বিজেপি ক্ষমতায় এলে দু মাসের মধ্যে রাজ্য সরকারি চাকরিতে শূন্যপদ পূরণ করার উদ্যোগ নেওয়া হবে৷ শুধু তাই নয়, সরকারি চাকরির বয়সসীমাও ৫ বছর বাড়ানো হবে৷
এ দিন শাহ সপ্তম বেতন কমিশন কার্যকর করা নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে।‘বছরের পর বছর ধরে রাজ্য সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ৷ দুর্নীতি হচ্ছে৷ গোটা দেশের যুব সম্প্রদায় সরকারি চাকরিতে সুযোগ পাচ্ছেন৷বাংলার যুব সমাজ সেই সুযোগ থেকে বঞ্চিত৷ এতে তাঁদের কোনও দোষ নেই৷ তাই বিজেপি ক্ষমতায় আসার দু মাসের মধ্যে সমস্ত সরকারি চাকরিতে শূন্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হবে৷
বছরের পর বছর নিয়োগ বন্ধ থাকায় যুব সমাজের অনেকেরই সরকারি চাকরির আবেদন করার বয়স পেরিয়ে গিয়েছে৷আমি আজ ঘোষণা করছি, বিজেপি ক্ষমতায় এলে সরকারি চাকরির বয়সসীমা ৫ বছর বৃদ্ধি করা হবে৷’এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে বিজেপির দলীয় পতাকা তুলে নিলেন আর বাংলার সাংবাদিক সন্তু পান।এদিনের এই পরিবর্তন যাত্রা মথুরাপুর থেকে একে একে ক্যানিং,গোসাবা, বাসন্তী, কুলতলি, জয়নগর, মগরাহাট, ডায়মন্ডহারবার,কুলপি,কাকদ্বীপ সাগর সহ দক্ষিন ২৪ পরগনার ৩১ টি বিধানসভা এলাকায় যাত্রা করবে বলে এদিন বিজেপির সভা মঞ্চ থেকে জানানো হয়।







