পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রে এবার ভোট প্রচারে অভিনব চমক দেখাল তৃণমূল কংগ্রেস। হুডখোলা গাড়ি বা মিছিলের চিরাচরিত ধারা ভেঙে পরিবেশবান্ধব বার্তা নিয়ে ‘সাইকেল র্যালি’-র মাধ্যমে প্রচারে নামলেন দলের প্রার্থী নবীন চন্দ্র বাগ।

খণ্ডঘোষ হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে শালুন মোড় পর্যন্ত প্রায় ২,৫০০ সাইকেল নিয়ে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সংগঠিত হয়। এই র্যালিতে অংশ নেন প্রায় আড়াই হাজার তৃণমূল কর্মী-সমর্থক, যাঁরা নিজেদের সাইকেল নিয়ে মিছিলে সামিল হন। প্রতিটি সাইকেলেই ছিল দলীয় পতাকা ও প্রার্থীর সমর্থনে পোস্টার, যা গোটা র্যালিকে আরও আকর্ষণীয় করে তোলে।
সকালের পর থেকেই খণ্ডঘোষের রাস্তায় চোখে পড়ে কর্মীদের ঢল। হাসপাতাল মোড় থেকে যখন সাইকেলের মিছিল এগোতে শুরু করে, তখন তা যেন এক জনসমুদ্রে পরিণত হয়। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
এই অভিনব উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন সাধারণ মানুষের দুয়ারে পৌঁছনোর চেষ্টা করা হয়েছে, তেমনি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধেও একটি প্রতীকী বার্তা দেওয়া হয়েছে বলে জানান প্রার্থী।
নবীন চন্দ্র বাগ বলেন, “সাইকেল সাধারণ মানুষের যান। আমরা মা-মাটি-মানুষের সরকার চালাই, তাই মানুষের কাছাকাছি থাকতেই এই উদ্যোগ।”
মিছিলটি শালুন মোড়ে পৌঁছে একটি পথসভায় পরিণত হয়। সেখানে বিরোধীদের কটাক্ষ করে প্রার্থী দাবি করেন, উন্নয়নের পক্ষে মানুষ আছেন এবং এই বিপুল জনসমাগমই তার প্রমাণ।








