কাজ সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তরতাজা যুবকের। শনিবার রাতে বর্ধমান শহরের গোলাপবাগ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত যুবকের নাম শেখ নাসির উদ্দিন। বাড়ি বর্ধমান শহরের গোলাপবাগ সংলগ্ন সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের সরাইটিকর গ্রামে। তাঁর বয়স আনুমানিক ১৯ বছর। পেশায় তিনি একটি গ্রিলের কারখানায় কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে দশটা নাগাদ কাজ শেষ করে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় গোলাপবাগ সংলগ্ন ডিয়ার পার্কের সামনে রাস্তার মাঝখানে থাকা একটি ল্যাম্পপোস্টে সজোরে ধাক্কা মারেন তিনি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই গুরুতর জখম হন নাসির উদ্দিন।
স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এলাকাবাসীদের অভিযোগ, ডিয়ার পার্কের সামনে রাস্তার মাঝখানে থাকা ল্যাম্পপোস্টটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায়শই সেখানে দুর্ঘটনা ঘটে এবং রাতের অন্ধকারে সেটি বাইক চালকদের চোখে সহজে পড়ে না। পাশাপাশি গোলাপবাগ থেকে তারাবাগ পর্যন্ত রাস্তাটি সন্ধ্যার পর থেকেই অন্ধকারে ডুবে থাকে বলেও অভিযোগ। এই কারণগুলিকেই নাসির উদ্দিনের দুর্ঘটনার প্রধান কারণ বলে মনে করছেন স্থানীয়রা।
রবিবার বর্ধমান থানার পুলিশ মৃতদেহটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।








