মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্য সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৈয়ড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গুইর গ্রামের ২৪৮ নম্বর বুথে হাইমাস্ট লাইটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। ফিতে কেটে ও সংক্ষিপ্ত স্বাগত ভাষণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই আলোকসজ্জা প্রকল্পের উদ্বোধন করা হয়। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও রাতের চলাচল আরও স্বাচ্ছন্দ্যময় করতে এই হাইমাস্ট লাইট স্থাপন করা হয়েছে বলে জানান জনপ্রতিনিধিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈয়ড় গ্রাম পঞ্চায়েতের প্রধান শাজাহান মন্ডল, পঞ্চায়েত সমিতির সদস্যা টুম্পা বাগ, পঞ্চায়েত সদস্যা নীলুফা বেগম-সহ অন্যান্য জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা।
উপস্থিত জনপ্রতিনিধিরা জানান, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের মাধ্যমে গ্রামস্তরে পরিকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা ও নাগরিক পরিষেবা আরও জোরদার করা হচ্ছে। ভবিষ্যতেও এলাকার সার্বিক উন্নয়নে এ ধরনের প্রকল্প ধারাবাহিকভাবে রূপায়িত হবে বলে আশ্বাস দেওয়া হয়।
উদ্বোধনের মধ্য দিয়ে গুইর গ্রামের ওই এলাকায় রাতের অন্ধকার দূর হয়ে নিরাপত্তা ও জনজীবনের মান আরও উন্নত হবে বলে আশাবাদ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।








