এসআইআর শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে হলদিয়া–ফারাক্কা রাজ্য সড়ক অবরোধ করলেন এলাকাবাসীরা। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানা ও বীরভূমের কীর্নাহার থানার সংলগ্ন ফুটিসাঁকো এলাকায় এই অবরোধ ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। বোলপুর–কাটোয়া–বর্ধমান–বহরমপুর সড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে অবরোধের জেরে একাধিক রুটে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে পণ্যবাহী লরি, বাস ও ছোট যানবাহন। ফলে ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রী ও পথচলতি মানুষ।
অবরোধকারীদের অভিযোগ, এসআইআর শুনানির নামে বারবার ডেকে অযথা হয়রানি করা হচ্ছে। প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে এবং সাধারণ মানুষকে অহেতুক চাপের মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদেই তাঁরা রাজ্য সড়ক অবরোধে নামেন বলে জানান আন্দোলনকারীরা। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে।








