নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পুনর্গঠনের লক্ষ্যে গতকাল রাজ্য নেতৃত্ব বিভিন্ন জেলার নতুন সভাপতি ও চেয়ারম্যানদের নাম ঘোষণা করে। সেই তালিকায় পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে ফের দায়িত্ব পান বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ চ্যাটার্জি। তবে দায়িত্ব ঘোষণার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে তিনি জেলা সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে ই-মেলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।

দলীয় সূত্রে খবর, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রবীন্দ্রনাথ চ্যাটার্জি রাজ্যের তৃণমূল নেতৃত্বের কাছে পদ থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন। তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং দলের শীর্ষ নেতৃত্বের উদ্দেশ্যে ই-মেল মারফত নিজের সিদ্ধান্তের কথা জানান। উল্লেখ্য, ২০২১ সালের ৯ আগস্ট থেকে পরপর দু’বার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলেছেন রবীন্দ্রনাথ চ্যাটার্জি। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতার কারণে সম্প্রতি পুনরায় তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ভবিষ্যতে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব হবে না বলেই তিনি পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে।
এই ঘটনার পর জেলা তৃণমূলের অন্দরে শুরু হয়েছে জোর জল্পনা। যদি তাঁর পদত্যাগ গৃহীত হয়, তাহলে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়েই রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত দলের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। রবীন্দ্রনাথ চ্যাটার্জির এই সিদ্ধান্তে পূর্ব বর্ধমানের রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন নজর রাজ্য নেতৃত্বের পরবর্তী পদক্ষেপের দিকে।










