গোটা রাজ্যজুড়ে শিশুকন্যা সুরক্ষা ও বাল্যবিবাহ রোধে প্রশাসনের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে রায়না ১ ব্লকে আয়োজিত হল বিশেষ কর্মসূচি ‘সেভ দা গার্ল চাইল্ড’। সেহারা বাজার সি কে ইনস্টিটিউশন ও রাধারানী বালিকা বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক, কন্যাশিশুর অধিকার এবং শিক্ষার গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে বোঝানো হয়। গ্রামাঞ্চলে সচেতনতার জাল আরও বিস্তৃত করতে ব্লক স্বাস্থ্য দপ্তর এবং ব্লকের বিডিও-র পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা রায়না এক ব্লকের বিডিও শুভাশিস রায় এবং ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মৌসুমী সোম। তাঁদের নেতৃত্বে দুটি বিদ্যালয়ে বাল্যবিবাহ রোধ ও কন্যাশিশু সুরক্ষার বার্তা পৌঁছে দেওয়া হয়। বিডিও শুভাশিস রায় জানান, আগামী দিনে এই কর্মসূচি অভিভাবক ও নিকটবর্তী মহাবিদ্যালয়েও চালানো হবে, যাতে সমাজের প্রত্যেক স্তরে সচেতনতা তৈরি হয়।
অনুষ্ঠান শেষে রায়না এক ব্লকের বিডিও শুভাশিস রায় মিড-ডে মিল পরিদর্শন করেন এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে বসে খাবার গ্রহণ করেন। তাঁর এই অংশগ্রহণ ছাত্র-ছাত্রীদের উৎসাহ বাড়ায় এবং বিদ্যালয়ের পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলে।
প্রশাসনের এই সম্মিলিত প্রচেষ্টা গ্রামাঞ্চলে কন্যাশিশুদের সুরক্ষা ও বাল্যবিবাহ রোধে নতুন দিশা দেখাবে বলে মনে করছেন সকলেই।








