আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমানে গাড়ি থেকে ৬ লক্ষ ৪৯ হাজার টাকা উদ্ধার, সৌমিত্র খাঁকে নিশানা পুলিশের – তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ভোটমুখী পশ্চিমবঙ্গে পুলিশের তল্লাশি অভিযানে চারচাকা গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানে। বুধবার বিকেলে বর্ধমান শহরের রেনেসাঁ উপনগরী এলাকা থেকে একটি গাড়ি আটক করে পুলিশ। তল্লাশিতে উদ্ধার হয় মোট ৬ লক্ষ ৪৯ হাজার টাকা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন পূর্ব বর্ধমান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বিকেলে বর্ধমান থানার পুলিশ রেনেসাঁ এলাকার কাছে সাদা রঙের একটি চারচাকা গাড়ি আটকায়। গাড়ির ভিতরে তল্লাশি চালিয়ে পিছনের সিটের তলা থেকে উদ্ধার হয় নগদ ৬ লক্ষ ৪৯ হাজার টাকা।

এই ঘটনায় গাড়িতে থাকা বাঁকুড়ার ওন্দা এলাকার বাসিন্দা সৌরভ ঘোড়ুই এবং বাপন হাঁসদাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, পূর্ব বর্ধমান ও লাগোয়া জেলার বিভিন্ন বালিঘাট থেকে এই টাকা সংগ্রহ করা হয়েছিল।

সাংবাদিক বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার আরও দাবি করেন, ধৃতদের জেরায় জানা গিয়েছে— “হৃদয় পাল নামে এক ব্যক্তি, যিনি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর পিএ হিসেবে পরিচিত, তিনিই তাঁদেরকে বিভিন্ন বালিঘাট থেকে টাকা সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন।”

পুলিশের তরফে জানানো হয়েছে, টাকার প্রকৃত উৎস ও উদ্দেশ্য জানার জন্য ধৃত দুই ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করে তাঁদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গাড়িটি দুর্গাপুরের দিক থেকে বর্ধমানের দিকে আসছিল। আগাম খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সেটিকে আটক করে। তবে উদ্ধার হওয়া টাকার বিষয়ে ধৃতরা স্পষ্ট কোনও তথ্য দিতে পারেনি বলেই দাবি তদন্তকারীদের।

এদিকে এই ঘটনায় সরাসরি তাঁর নাম জড়িয়ে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ফোনে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ। হৃদয় পাল নামে আমার কোনও পিএ নেই। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”

See also  আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে অশান্তি, দুই পক্ষের মধ্যে বচসা! মোটা অংকের টাকা লুট করাই উত্তৃণমূলীদের মূল উদ্দেশ্য বলে দাবি বিজেপির!

তিনি পাল্টা প্রশ্ন তোলেন— “যাদের ধরা হয়েছে তাদের সঙ্গে আমার কোনও যোগাযোগের প্রমাণ কি পুলিশ পেয়েছে? যেসব বালিঘাটের নাম বলা হচ্ছে, সেখানকার কেউ কি আমার সঙ্গে কথা বলেছে? তাহলে কেন আমার নাম টেনে আনা হচ্ছে?”

সৌমিত্র খাঁ আরও অভিযোগ করেন, “আমি বিধানসভা ভোটে বর্ধমান বিভাগের দায়িত্ব পেয়েছি বলেই রাজনৈতিক উদ্দেশ্যে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।” তিনি জানান, অতিরিক্ত পুলিশ সুপারের এই বক্তব্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা দায়ের করবেন।

ভোটের আগে বিপুল নগদ টাকা উদ্ধার এবং তা নিয়ে রাজনৈতিক তরজা ঘিরে পূর্ব বর্ধমানের এই ঘটনা ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর সকলের।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি