আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

শীতের রাতে কলকাতার রাজপথে শীতবস্ত্র বিতরণ ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি পালন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কলকাতা: শীতের রাতে শহর কলকাতা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই ২৪শে ডিসেম্বরের কনকনে ঠান্ডার রাতে মহানগরের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষের খোঁজে পথে নেমে পড়ে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতা। ফুটপাত, ওভারব্রিজ ও সাবওয়েতে যাঁরা ন্যূনতম শীতবস্ত্র ছাড়াই রাত কাটাতে বাধ্য হন, এমন অসহায় মানুষদের খুঁজে খুঁজে তাঁদের হাতে কম্বল তুলে দেন সংস্থার সদস্যরা। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা প্রচার এবং মশারি বিতরণ কর্মসূচিও পরিচালিত হয়।

এদিন রাতের এই কর্মসূচি শিয়ালদহ, রাজাবাজার, পার্ক সার্কাস, মৌলালি, ধর্মতলা এবং এসএসকেএম মেডিকেল কলেজ ও হাসপাতাল (পিজি হাসপাতাল) চত্বরে পরিচালিত হয়। আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা হয় পিজি হাসপাতাল এলাকা থেকে এবং সমাপ্তি ঘটে শিয়ালদহ–রাজাবাজার এলাকায়।মানবতার এই উদ্যোগে অংশ নেন বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত এমবিবিএস ছাত্র, চিকিৎসক, নার্স ও মানবিক মনোভাবাপন্ন স্বেচ্ছাসেবীরা। এ দিন মোট ১৫০ জন অসহায় মানুষের হাতে কম্বল ও মশারি তুলে দেওয়া হয়।

এদিনের এই অভিনব উদ্যোগ প্রসঙ্গে মানবতার সাধারণ সম্পাদক জুলফিকার আলি পিয়াদা জানান, শিক্ষা, স্বাস্থ্যসহ সমাজের বিভিন্ন দায়বদ্ধতার জায়গা থেকে অনাথ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর নিরলস প্রচেষ্টা মানবতা সারা বছর ধরে চালিয়ে যায়। বিগত বছরের মতো এ বছরও শীতকালীন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রকৃত প্রয়োজনীয় মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতেই রাতের সময় বেছে নিয়ে তাঁদের খুঁজে খুঁজে শীতবস্ত্র ও মশারি প্রদান করা হয়।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানবতার সাধারণ সম্পাদক জুলফিকার আলি পিয়াদা, রাজারহাট পুর্তি স্টার অ্যাপার্টমেন্টের সদস্যবৃন্দ, সমাজকর্মী পাপিয়া পাল, চিকিৎসক আসাদুল আখুঞ্জি, মোহাম্মদ ফিরোজ, আশিক বিল্লাহ, নার্স পারুলি সেখ, আশরাফুল সরদার, বাবুসোনা মোল্লা, খুরশিদ আলম-সহ আরও অনেকে। এদিন সংস্থার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বিশেষভাবে লক্ষ্যণীয়। কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় পাশে দাঁড়ানো সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মানবতার সাধারণ সম্পাদক জুলফিকার আলি পিয়াদা।

See also  দুই নাবালিকা বোনের রহস্য মৃত্যু রায়নায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি