পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বাদুলিয়া গ্রামে বিশিষ্ট সমাজসেবী শেখ কালামের উদ্যোগে এবং এলাকার কচি-কাঁচাদের নিয়ে সাড়ম্বরে পালিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী। বাদুলিয়া গ্রামের পিরতলায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতেই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নাচ, গান, আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠান প্রাঙ্গণ। ছোট ছোট ছেলেমেয়েরা নজরুলের গান ও কবিতা পরিবেশন করে উপস্থিত সকলের মন জয় করে নেয়। এই আয়োজন একদিকে যেমন নতুন প্রজন্মকে নজরুলের সৃষ্টি ও জীবন সম্পর্কে জানতে সাহায্য করেছে, তেমনি এলাকার মানুষের মধ্যেও এক সাংস্কৃতিক চেতনার সঞ্চার ঘটিয়েছে।













