পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের উখরিদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলামের নেতৃত্বে প্রায় এক হাজার দলীয় কর্মী ও সমর্থক মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেঘা জনসভায় যোগদানের উদ্দেশ্যে রওনা দেন।
এদিন সকাল থেকেই উখরিদ অঞ্চলে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্যানার, পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে সংগঠিতভাবেই কর্মী-সমর্থকেরা বড়জোড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন। এই প্রসঙ্গে জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বাংলা আজ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। মানুষের জন্য কাজ করা, মানুষের পাশে থাকা—এই রাজনীতিই তৃণমূল কংগ্রেসের আদর্শ। সেই আদর্শকে শক্তিশালী করতেই খণ্ডঘোষ ব্লকের হাজারের বেশি কর্মী-সমর্থক মঙ্গলবার জনসভায় যোগ দিতে রওনা হন”।
তিনি আরও বলেন, “বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বাংলা বরাবরই ঐক্যের বার্তা দিয়েছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের উন্নয়ন ও সামাজিক সম্প্রীতির যে ধারা গড়ে উঠেছে, তা আরও সুদৃঢ় করতেই আমাদের এই অংশগ্রহণ”। দলীয় সূত্রে জানা গিয়েছে, বড়জোড়ার এই মেঘা জনসভাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা রয়েছে। খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও দলের সাংগঠনিক কর্মসূচিতে এই ঐক্য ও সক্রিয়তা বজায় রাখা হবে।








