কার্তিক ভান্ডারী, নানুর, বীরভূম: বীরভূমবীরভূম জেলার নানুরের পাপুড়ি গ্রামে আজও বেঁচে আছে এক শহীদ মায়ের ত্যাগ ও মানবতার বার্তা। ২০০০ সালে বাম আশ্রিত দুষ্কৃতীদের হাতে নির্মমভাবে নিহত সেনা জওয়ান সাজু শেখের স্মরণে তাঁর মা সাদেকা বিবি পেনসনের টাকায় আয়োজন করলেন হাজারেরও বেশি শিশুদের জন্য বালক ভোজনের।
সেনা জওয়ান সাজু শেখের শহীদ হওয়ার পর থেকে মা সাদেকা বিবি প্রতিবছর ২ থেকে ৩ বার গ্রামের সমস্ত শিশুদের জন্য নিজ খরচে আয়োজন করেন বালক ভোজনের। ঘরের এক কোণের জানালা থেকে তিনি দেখেন শিশুদের আনন্দে খাওয়া-দাওয়া করতে — চোখে জল আসে, মনে পড়ে যায় শহীদ সন্তান সাজু শেখের স্মৃতি।

এই বছরও গ্রামের শিশুদের পাশাপাশি মানসিক ও শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও যোগ দেন এই মহতী আয়োজনে। খাবারের মেনুতে ছিল বাচ্চাদের প্রিয় চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, দই, মিষ্টি ও পাপর।
পুরো আয়োজনটি পরিচালনা করেন শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি। তদারকির দায়িত্বে ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি নিজ হাতে শিশুদের খাবার পরিবেশন করেন এবং বলেন —

“হিন্দু-মুসলিম নির্বিশেষে গ্রামের ছোট ছোট শিশুরা একসাথে খেয়ে যায়, এই দৃশ্য দেখলেই মন ভরে যায়। মানব সেবার মতো বড় সেবা আর কিছু হতে পারে না।”
জেলা সভাধিপতি কাজল শেখ ও তাঁর পরিবারের এই মানবিক উদ্যোগ আজ আবারও নজির স্থাপন করল বীরভূম জেলায়।








