বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়েকে ঘিরে তীব্র চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার আচমকাই নেটদুনিয়ায় ভাইরাল হয় তাঁর বিয়ের ছবি। সেই ছবি থেকেই জানা যায়, ঋতিকা গিরি নামে এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন হিরণ। তবে এই খবর প্রকাশ্যে আসতেই তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় স্পষ্টভাবে জানান, তাঁদের মধ্যে এখনও আইনত কোনও বিবাহবিচ্ছেদ হয়নি।
অনিন্দিতার দাবি, এই ঘটনায় সবচেয়ে বেশি মানসিক আঘাত পেয়েছে তাঁদের ১৯ বছরের মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায়। এমন অশান্ত পরিস্থিতির মধ্যেই প্রথমবার সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি প্রকাশ করল হিরণ-কন্যা নিয়াসা। মা অনিন্দিতা ও তাঁদের পোষ্যের সঙ্গে একটি ভিডিও পোস্ট করে নিয়াসা লেখে, “বেশ অনেক দিন হলো আমরা শুধু দু’জনেই আছি। তুমি তোমার ভালোবাসা, মায়া আর স্নেহ দিয়ে সব দায়িত্ব পালন করেছ। তুমিই আমার মা, তুমিই আমার বাবা। সব কিছুর জন্য ধন্যবাদ মা, তুমিই আমার হিরো”।
এই পোস্ট থেকেই স্পষ্ট, জীবনের কঠিন সময়ে মাকেই মা ও বাবার দুই ভূমিকায় দেখছেন নিয়াসা। জানা গিয়েছে, ১৯ বছরের নিয়াসা শহরের একটি নামী কলেজে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন এবং বর্তমানে মায়ের সঙ্গেই থাকেন। অনিন্দিতার বক্তব্য, বাবার দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর মেয়ের সঙ্গে হিরণের সম্পর্কেও দূরত্ব তৈরি হয়েছে। একসময় বাবা-মেয়ের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হলেও এখন মেয়ের মানসিক অবস্থার দিকেই তাঁর মূল নজর।
অনিন্দিতা আরও জানিয়েছেন, তিনি এখনও আইনত হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রী। এই পরিস্থিতিতে তিনি পরিবারের বড়দের পরামর্শ নিয়েই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবেন বলে জানান।








