পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে বিজেপির মঞ্চ থেকে অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর ‘ভয়’-এর মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের সভায় মিঠুন চক্রবর্তীর বক্তব্যের পরই তীব্র কটাক্ষ করল শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের পাঁচুন্দি বাসস্ট্যান্ডে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’-য় মিঠুন চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে তিনি আতঙ্কিত।
তাঁর বক্তব্যে রাজ্য ‘পশ্চিম বাংলাদেশ’ হয়ে যাওয়ার আশঙ্কার কথাও উঠে আসে। পাশাপাশি, তৃণমূল সরকারকে উৎখাত করতে সব সনাতনীকে এক ছাতার নিচে আসার আহ্বান জানান তিনি। মিঠুনের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ মহম্মদ অপার্থিব ইসলাম কটাক্ষ করে বলেন, “মিঠুন চক্রবর্তী একজন অত্যন্ত ভালো অভিনেতা। তাই তিনি যেখানে যান, সেখানেই অভিনয় করে বেড়ান। এটা নতুন কিছু নয়”।
এখানেই থামেননি অপার্থিব ইসলাম। আরও একধাপ এগিয়ে তিনি বলেন, “রাজ্যের বাস্তব পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে ভয় দেখিয়ে রাজনীতি করাই বিজেপির কাজ। কিন্তু বাংলার মানুষ সব বোঝে। উন্নয়ন, শান্তি আর সম্প্রীতির পথে এগিয়ে চলা বাংলাকে এই ধরনের নাটক দিয়ে বিভ্রান্ত করা যাবে না”। মিঠুন চক্রবর্তীর মন্তব্য ও তার পাল্টা তৃণমূলের কটাক্ষে ফের একবার রাজনৈতিক উত্তাপ বাড়ল পূর্ব বর্ধমানে।








