উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বারুইপুর পুলিশ জেলার বকুলতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে বকুলতলা থানার ওসি শান্তনু বিশ্বাসের নির্দেশে পিএসআই শান্তনু সরকার ও তাঁর পুলিশ বাহিনী প্রিয়নাথ মোড় এলাকায় অভিযান চালান।অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি সিঙ্গল শুটার আগ্নেয়াস্ত্র ও দু’টি গুলি উদ্ধার করা হয়।

ধৃতের নাম আব্বাসউদ্দিন সর্দার (৩৪)। তাঁর বাড়ি বকুলতলা থানার পশ্চিম তেঁতুলবেড়িয়া এলাকায়।পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি যথাযথ সিজার লিস্টের মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়েছে। এরপর আইনানুগ প্রক্রিয়ায় আব্বাসউদ্দিন সর্দারকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় বকুলতলা থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে আনা হয়েছিল এবং এর আগে কোনও অপরাধমূলক কাজে সেটি ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে।সোমবার ধৃতকে বকুলতলা থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে পুলিশ।






