কৃষ্ণ সাহা, পূর্ব বর্ধমান:- তীব্র গরমের প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর বাজারেও। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় গত কয়েকদিনে ডিমের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে খোলা বাজারে প্রতি ডিম ৭ টাকা দরে বিক্রি হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে। রায়না, খণ্ডঘোষ, জামালপুর-সহ জেলার একাধিক এলাকায় ডিমের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ব্যবসায়ীদের দাবি, অতিরিক্ত গরমে মুরগির ডিম উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। পাশাপাশি খাদ্য ও পরিবহণ খরচ বৃদ্ধিও দাম বাড়ার অন্যতম কারণ।ক্রেতাদের অভিযোগ, কয়েক সপ্তাহ আগেও যে ডিম ৫ থেকে ৬ টাকার মধ্যে পাওয়া যেত, বর্তমানে তার দাম বেড়ে ৭ টাকায় পৌঁছেছে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাসিক খরচ বেড়ে যাচ্ছে।
ব্যবসায়ীদের একাংশের মতে, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে এবং সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরলে ডিমের দাম কিছুটা কমতে পারে। তবে আপাতত বাজারে ঊর্ধ্বমুখী দামই বজায় রয়েছে। পূর্ব বর্ধমানের বিভিন্ন বাজারে ডিমের দামের এই বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসনও।












