নন্দীগ্রাম শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, “ভুলতে পারি নিজের নাম, ভুলব না নাকো নন্দীগ্রাম। নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রামসহ পৃথিবীর সকল শহিদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি”।

নন্দীগ্রাম মুখ্যমন্ত্রীর হৃদয়ের অত্যন্ত কাছের একটি অধ্যায়। ২০০৭ সালের সেই মর্মান্তিক দিন এখনও ভুলতে পারেননি তিনি। ভূমি আন্দোলনের সময় পুলিশের গুলিতে ১৪ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনাকে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার রাষ্ট্রীয় সন্ত্রাসের সঙ্গে তুলনা করেছেন। এরপর থেকেই প্রতি বছর ১৪ মার্চ রাজ্যজুড়ে ‘নন্দীগ্রাম দিবস’ পালন করা হয়।
তবে ২০২১ সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকে এই দিবসও দুই ভাগে বিভক্ত হয়েছে। এখন পৃথকভাবে কর্মসূচি পালন করে তৃণমূল ও বিজেপি।
সোমবার নন্দীগ্রাম দিবসে সিপিএম আমলের ‘লাল সন্ত্রাস’-এর কথা স্মরণ করিয়ে বিজেপিকেও কটাক্ষ করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ মোহাম্মদ অপার্থিব ইসলাম ওরফে (ফাগুন)। শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “বাংলার মানুষ সিপিএমকে শিক্ষা দিয়েছিল। আগামী দিনে বিজেপিরও দর্পচূর্ণ এভাবেই হবে। বিজেপির ঔদ্ধত্যের জবাব মানুষ দেবে ব্যালট বক্সে। আবারও প্রমাণ হবে, বাংলার মানুষ চিরকাল লড়াই করে”।








