সরকারি পরিকাঠামোয় একছাদের তলায় মিলবে একাধিক চিকিৎসা পরিষেবা! ক্যানসার চিকিৎসায় বাংলার স্বাস্থ্য পরিকাঠামো আরও এক ধাপ এগোতে চলেছে। চলতি বছর এপ্রিল মাস থেকেই সরকারি পরিকাঠামোয় চালু হচ্ছে বাংলার নতুন ১০ তলা ক্যানসার হাব (Cancer Hub)। এই অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্রে একছাদের তলায় মিলবে ক্যানসার চিকিৎসার একাধিক বিশেষায়িত পরিষেবা।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, এই ক্যানসার হাবে আধুনিক পরীক্ষা-নিরীক্ষা, কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, ডে-কেয়ার সুবিধা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ সহ সমন্বিত চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। ফলে আগামী দিনে ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য ভিনরাজ্যে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ শ্রী বিশ্বনাথ রায় বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এই ১০ তলা ক্যানসার হাব তারই উজ্জ্বল উদাহরণ। অত্যাধুনিক পরিকাঠামো ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ মানুষ যাতে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পান, সেটাই সরকারের মূল লক্ষ্য”।
তিনি আরও বলেন, “এতদিন ক্যানসার রোগীদের অনেককেই চিকিৎসার জন্য ভিনরাজ্যে যেতে হতো, যা আর্থিক ও মানসিকভাবে অত্যন্ত কষ্টকর ছিল। এই নতুন ক্যানসার হাব চালু হলে বাংলার মধ্যেই উন্নত চিকিৎসা পাওয়া সম্ভব হবে এবং রোগী ও তাঁদের পরিবারের উপর চাপ অনেকটাই কমবে”।
স্বাস্থ্য মহলের মতে, সরকারি উদ্যোগে এই ক্যানসার হাব চালু হলে রাজ্যের ক্যানসার চিকিৎসা ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলবে এবং ভবিষ্যতে এটি পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।








