নির্বাচনের প্রাক্কালে মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাহেবরামপুর সরদারপাড়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম আমিনুল হক, তার বাড়ি জলঙ্গি থানার অন্তর্গত এলাকাতেই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে সন্দেহভাজন অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে আমিনুল হককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি ৭ এমএম পিস্তল, দুটি জীবন্ত গুলি এবং একটি খালি ম্যাগাজিন। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
নির্বাচনের আগে এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরির পিছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।ধৃতকে শনিবার বহরমপুর জেলা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে।







