কৃষ্ণ সাহা, পূর্ব বর্ধমান: জামালপুর ব্লক নাগরিক সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার জামালপুর ব্লকের হালাড়া এলাকায় অনুষ্ঠিত হলো এক বিশাল স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবির। এই মানবিক উদ্যোগে এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল। শিবিরে তারকেশ্বর লায়ন্স ক্লাবের সহযোগিতায় রক্ত সংগ্রহের ব্যবস্থা করা হয়। এদিন মোট ৩৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন, যা সংকটকালে রক্তভাণ্ডার সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিবিরে প্রায় তিন শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন।
এই শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রেয়া চ্যাটার্জী। তাঁর উপস্থিতি শিবিরের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে এবং স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করে।
শিবিরটি সফলভাবে পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করেন তৃণমূল কংগ্রেসের জেলা নেতা ও জামালপুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শ্রীমন্ত রায়। তিনি জানান, সমাজের সর্বস্তরের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই এই ধরনের শিবিরের আয়োজন করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের জন্য জামালপুর ব্লক নাগরিক সোসাইটি ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। মানবিক পরিষেবা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল এই স্বাস্থ্য ও রক্তদান শিবির।








