উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : সামনে পুজো।আর তার আগেই বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেল বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার আইসি অমিত হালদারের নির্দেশে এসআই শান্তনু ব্যাধ, এএসআই বিশ্বজিৎ সরকারসহ পুলিশের একটি দল রবিবার গভীর রাতে অভিযান চালায় জয়নগর থানার মনসাতলা এলাকায়। সেখানেই তল্লাশি চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই যুবককে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আমির সোহেল সেখ (২৫) এবং সাহিদ আনোয়ার মন্ডল (২৬)।ধৃত দু’জনেরই বাড়ি জয়নগর থানার ঢোষা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের তিলপি এলাকায়।

পুলিশের দাবি, ধৃত দুই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৭ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড কার্তুজ।পুজোর আগেজয়নগর এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।তবে এই আগ্নেয়াস্ত্র গুলি কোথা থেকে আনা হয়েছিল,এর পিছনে কোনও অস্ত্রচক্র সক্রিয় রয়েছে কি না এবং উদ্ধারহওয়া অস্ত্রগুলি কোনওঅপরাধমূলক কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না—তা খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্র সরবরাহের সঙ্গে যুক্ত আরও কারও সন্ধান মেলে কি না, সেই বিষয়টিও তদন্তকারীরা খতিয়ে দেখছেন।

সোমবার ধৃত দুই যুবককে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে ১০ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আরও তথ্য সামনে আনার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।






