উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর :ভারত সরকারের কৃষি মন্ত্রকের উদ্যোগে সারা দেশজুড়ে শুরু হয়েছে পক্ষকালব্যাপী ‘স্বচ্ছতাই সেবা’ কর্মসূচি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে গত ১৭ সেপ্টেম্বর থেকে বিশেষ উদ্যোগ নিয়ে পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি পালন করছে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্র। আগামী ২ অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচি। কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে কর্মসূচিকে ঘিরে একাধিক সচেতনতামূলক আলোচনা সভার পাশাপাশি বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানও চালানো হচ্ছে।

এই কর্মসূচিতে কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের পাশাপাশি কৃষক, স্কুল পড়ুয়া এবং এলাকার সাধারণ মানুষও অংশ নিচ্ছেন। পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা এবং পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের ভূমিকা সম্পর্কে তাঁদের সচেতন করা হচ্ছে।বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র নিজের বাড়ি বা আশপাশের এলাকা পরিষ্কার রাখলেই দায়িত্ব শেষ হয় না। নিজের এলাকা থেকে শুরু করে গোটা সমাজ ও দেশকে পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। সেই লক্ষ্যেই সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও নানা তথ্য তুলে ধরা হচ্ছে।কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল, অব্যবহৃত জিনিসপত্রকে সরাসরি ফেলে না দিয়ে সেগুলিকে পুনর্ব্যবহার যোগ্য করে তোলার উদ্যোগ।

বিভিন্ন ধরনের বর্জ্য ও অব্যবহৃত সামগ্রী কীভাবে রিসাইক্লিংয়ের মাধ্যমে পুনরায় ব্যবহার করা যায়, সে বিষয়েও সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।এ প্রসঙ্গে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান তথা সিনিয়র বিজ্ঞানী ড. চন্দন কুমার মণ্ডল বলেন, ‘‘স্বচ্ছতাই সেবা কর্মসূচির মাধ্যমে শুধু এলাকা পরিষ্কার রাখার কাজই হচ্ছে না, অব্যবহৃত জিনিসপত্র রিসাইক্লিংয়ের মাধ্যমে কীভাবে পুনরায় ব্যবহার করা যায়, সেই বিষয়েও মানুষকে সচেতন করা হচ্ছে। সমাজকে পরিচ্ছন্ন রাখাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।’’কৃষি বিজ্ঞান কেন্দ্রের এই উদ্যোগে স্থানীয় মানুষের অংশগ্রহণও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কৃষি, পরিবেশ ও পরিচ্ছন্নতা—এই তিনটি বিষয়কে একসূত্রে বেঁধে সচেতনতা গড়ে তোলার মাধ্যমে আগামী দিনে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলার বার্তা দেওয়া হচ্ছে।











