ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা: জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল ‘স্পার্ক মিস্টার অ্যান্ড মিস কলকাতা’ এবং ‘স্পার্ক মিস্টার অ্যান্ড মিস টিন কলকাতা’-র চতুর্থ মরশুম। কলকাতার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার সরকারি পোস্টার উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পার্ক এন্টারটেনমেন্ট প্রোডাকশনের প্রতিষ্ঠাতা ও অধিকর্তা সরফরাজ আহমেদ, অ্যালাক্স অ্যাস্থেটিক্সের কর্ণধার ও বিচারক চিকিৎসক আকাশ সেনগুপ্ত, আয়েনারির কর্ণধার আজম মিয়ানুর, গো মেকওভার্সের কর্ণধার নাবানিতা রায় এবং তৃতীয় মরশুমের বিজয়ী জয়নাব ওয়ারসি ও প্রাগয়শ গায়েন।

এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট মডেল, প্রতিযোগী ও কর্পোরেট ব্যক্তিত্ব।সরফরাজ আহমেদ জানান, এ বার পশ্চিমবঙ্গের ২০টিরও বেশি জেলায় প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। কলকাতার পাশাপাশি খড়্গপুর, শিলিগুড়ি, মালদহ, আসানসোল-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও মফস্সলেও হবে বাছাই পর্ব। পাশাপাশি এ বার আরও বেশি সংস্থার সঙ্গে সহযোগিতা এবং বৃহত্তর পরিসরে প্রতিযোগিতাটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিচারক আকাশ সেনগুপ্ত বলেন, সৌন্দর্যের পাশাপাশি আত্মবিশ্বাস ও অন্তরের আনন্দই প্রকৃত সৌন্দর্যের পরিচয়। প্রতিযোগিতাটি তরুণদের আত্মবিশ্বাস গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। তৃতীয় মরশুমের বিজয়ীরাও নতুন প্রতিযোগীদের নিজেদের স্বতন্ত্রতা বজায় রেখে সেরাটা দেওয়ার পরামর্শ দেন। চতুর্থ মরশুমের বাছাই পর্ব শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে।











