আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মক পার্লামেন্টে ফের সেরার শিরোপা, রায়না-১-এর মেরাল সতীশ চন্দ্র পাবলিক ইনস্টিটিউশনের সাফল্য

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রায়না: মক পার্লামেন্ট প্রতিযোগিতায় ফের সাফল্যের নজির গড়ল পূর্ব বর্ধমানের রায়না-১ ব্লকের মেরাল সতীশ চন্দ্র পাবলিক ইনস্টিটিউশন। গত ১০ সেপ্টেম্বর শ্যামসুন্দর বিডিও অফিসে অনুষ্ঠিত মক পার্লামেন্ট প্রতিযোগিতায় ব্লকের মোট আটটি বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সেরার শিরোপা অর্জন করে মেরাল সতীশ চন্দ্র পাবলিক ইনস্টিটিউশন। এই সাফল্য শুধু এবারের নয়, বিদ্যালয়ের ধারাবাহিক কৃতিত্বেরই আরেকটি উজ্জ্বল সংযোজন। এখনও পর্যন্ত মক পার্লামেন্ট প্রতিযোগিতায় বিদ্যালয়টি পাঁচবার অংশগ্রহণ করেছে এবং তার মধ্যে চারবারই প্রথম স্থান অধিকার করেছে। ফলে বারবার সেরার আসন দখল করে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে গর্বের আবহ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌমেন ভট্টাচার্য জানান, এই ধারাবাহিক সাফল্য বিদ্যালয়ের কাছে অত্যন্ত গর্বের বিষয়। ছাত্রছাত্রীদের নিষ্ঠা ও পরিশ্রমের পাশাপাশি এই সাফল্যের পিছনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অবদানও যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতার আগে ছাত্রছাত্রীদের প্রস্তুত করতে শিক্ষকরা বিষয়ভিত্তিক স্ক্রিপ্ট তৈরি থেকে শুরু করে বক্তব্য উপস্থাপন, সংসদীয় কার্যপ্রণালীর অনুশীলন এবং মক পার্লামেন্টের বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন। সেই প্রস্তুতির সুফলই প্রতিযোগিতার মঞ্চে মিলেছে বলে মনে করছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। ছাত্রছাত্রীদের কথায়, শিক্ষকরা শুধুমাত্র স্ক্রিপ্ট তৈরি করে দেননি, কীভাবে বক্তব্য উপস্থাপন করতে হবে, কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে সংসদীয় পরিবেশে নিজেদের ভূমিকা পালন করতে হবে—সেই বিষয়েও বারবার অনুশীলন করিয়েছেন। শিক্ষকদের এই আন্তরিক প্রচেষ্টাই তাঁদের সাফল্যের অন্যতম চাবিকাঠি।

একই প্রতিযোগিতায় বারবার সাফল্য অর্জন করে মেরাল সতীশ চন্দ্র পাবলিক ইনস্টিটিউশন প্রমাণ করেছে, পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের যুক্তিবোধ, নেতৃত্বের গুণ, বক্তব্য রাখার দক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রেও বিদ্যালয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে কাজ করছে। চারবার প্রথম স্থান অর্জনের এই নজির রায়না-১ ব্লকের শিক্ষাঙ্গনে বিদ্যালয়ের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করল।

See also  রায়নায় বড়বাজারের ব্যবসায়ী খুনের ঘটনায় বিহার থেকে গ্রেপ্তার আরও দুই অভিযুক্ত

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি