ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা: ইস্পাত সংস্থা টাফকন আগামী দিনে উৎপাদন ক্ষমতা বাড়ানো এবং দেশের বিভিন্ন প্রান্তে ব্যবসার পরিসর সম্প্রসারণের লক্ষ্যে বড়সড় বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে। বিহারের চাকাইয়ে সমন্বিত ইস্পাত উৎপাদন প্রকল্প গড়ে তুলতে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি মহারাষ্ট্রের নাগপুরেও একটি নতুন সমন্বিত ইস্পাত কারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সংস্থার। সংস্থার নয় বছরের পথচলা উপলক্ষে সাংবাদিক সম্মেলনে এই সম্প্রসারণ পরিকল্পনার কথা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান তথা ব্যবস্থাপনা অধিকর্তা শ্রী মোহন প্রসাদ সাও, অধিকর্তা সৌরাজ গুপ্তা, অধিকর্তা অভিষেক কুমার এবং কর্পোরেট প্রধান ইন্দ্রনীল দত্ত। বিহারের চাকাই প্রকল্প নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। সংস্থার দাবি, প্রস্তাবিত প্রকল্পগুলি বাস্তবায়িত হলে উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং নির্মাণ, পরিকাঠামো ও শিল্পক্ষেত্রে বাড়তে থাকা ইস্পাতের চাহিদা পূরণে সংস্থার সক্ষমতা আরও শক্তিশালী হবে। এই সম্প্রসারণের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলে আনুষঙ্গিক শিল্প, পরিবহণ, পরিষেবা এবং অন্যান্য সহায়ক ব্যবসার বিকাশ ঘটবে বলে আশা করছে সংস্থা।










