আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জয়নগরে হয়ে গেল ব্লক যুব সংসদ প্রতিযোগিতা

krishna Saha

Published :

Jaynagar
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: গণতান্ত্রিক মূল্যবোধ, সংসদীয় কার্যপ্রণালী এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়াতে অনুষ্ঠিত হয়ে গেল ব্লক যুব সংসদ প্রতিযোগিতা। জয়নগর ইনস্টিটিউশন স্কুলে আয়োজিত এই প্রতিযোগিতায় জয়নগর মজিলপুর পৌরসভার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা অংশ নেয়।এই প্রতিযোগিতাকে ঘিরে পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকা—সকলের মধ্যেই ছিল ব্যাপক উৎসাহ।সংসদীয় পদ্ধতি অনুসরণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা, বিতর্ক এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেয় পড়ুয়ারা।

কেউ শাসক দলের ভূমিকায়, আবার কেউ বিরোধী দলের ভূমিকায় থেকে বিভিন্ন বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরে। সংসদ পরিচালনার নিয়ম, স্পিকারের ভূমিকা, প্রশ্নোত্তর পর্ব এবং বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনার মাধ্যমে প্রতিযোগিতায় সংসদীয় গণতন্ত্রের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,এই প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য হল দেশের ভবিষ্যৎ নাগরিকদের মধ্যে গণতান্ত্রিক চেতনা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপনের দক্ষতা এবং অন্যের মতামতকে সম্মান করার মানসিকতা তৈরি করা। পাশাপাশি দেশ, সমাজ ও সংবিধান সম্পর্কে পড়ুয়াদের আগ্রহ বাড়ানোও এই কর্মসূচির গুরুত্বপূর্ণ লক্ষ্য।প্রতিযোগিতায় অংশ নেওয়া পড়ুয়ারাও জানায়, বইয়ের পাতায় সংসদীয় ব্যবস্থা সম্পর্কে পড়ার পাশাপাশি বাস্তবে সংসদের আদলে আলোচনায় অংশ নেওয়ার অভিজ্ঞতা একেবারেই আলাদা।

নিজেদের বক্তব্য সকলের সামনে তুলে ধরার পাশাপাশি অন্যদের মতামত শোনার সুযোগও পেয়েছে তারা।প্রতিযোগিতার শেষে ফলাফল ঘোষণা করা হয়। ব্লক যুব সংসদ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জয়নগর পিসি পাল স্কুল। দ্বিতীয় স্থান অধিকার করে জয়নগর ইনস্টিটিউশন।এই ধরনের কর্মসূচির মাধ্যমে পড়ুয়াদের মধ্যে গণতন্ত্র, সংসদীয় ব্যবস্থা এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা আরও বাড়বে বলে মনে করছেন আয়োজকরা। ভবিষ্যতেও এমন কর্মসূচি আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধে আরও সমৃদ্ধ করার বার্তা দেওয়া হয়।এদিনের প্রতিযোগিতায় প্রথম হওয়া পিসিপাল স্কুলের পড়ুয়ারা জেলা স্তরে এবার এই প্রতিযোগিতায় অংশ নেবে।

See also  রায়না বিধানসভার অন্তর্গত 10 নম্বর জেডপির পহলানপুর গ্রামে নির্বাচনী প্রচারে এলেন বিজেপি মনোনীত প্রার্থী মানিক রায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি