নিজস্ব সংবাদদাতা, জামালপুর:- পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বেড়ুগ্রাম অঞ্চলের বলরামপুর এলাকায় ফুটবল খেলতে গিয়ে বজ্রাঘাতে মর্মান্তিকভাবে প্রাণ হারাল ১৩ বছরের এক স্কুলছাত্র। মৃতের নাম অর্ঘ্য রুইদাস। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। এই ঘটনায় গোটা এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার (১৬ জুন) বিকেলের দিকে বাড়ির পাশের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল অর্ঘ্য। সেই সময় হঠাৎ করেই আকাশ কালো করে ঘন মেঘ জমতে শুরু করে। বৃষ্টি নামার আগেই এলাকায় শুরু হয় প্রবল বজ্রপাত। আচমকাই বজ্রাঘাতের শিকার হয় অর্ঘ্য ও তার এক বন্ধু। বজ্রাঘাতের সঙ্গে সঙ্গেই তারা দু’জন সংজ্ঞাহীন হয়ে মাঠে লুটিয়ে পড়ে।
ঘটনা দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করে জামালপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অর্ঘ্য রুইদাসকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত ছাত্রকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বুধবার (১৭ জুন) মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। এই অকাল মৃত্যুতে পরিবারের পাশাপাশি শোকস্তব্ধ হয়ে পড়েছে বলরামপুর গ্রামের বাসিন্দারাও।
বর্ষাকালে খোলা মাঠে খেলাধুলা বা কাজ করার সময় বজ্রপাতের আশঙ্কা থাকলে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য প্রশাসনের তরফে বারবার সতর্কবার্তা দেওয়া হলেও, এই মর্মান্তিক ঘটনা ফের সকলকে সতর্ক থাকার বার্তা দিল।











