
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : বৈশাখের তপ্ত গরমে রাজ্যে প্রথম দফার নির্বাচন হয়ে গেল।আর দ্বিতীয় দফার ভোটের প্রচারে দিনরাত এক করে ছুটে চলেছে প্রার্থীরা।আর এই প্রচারের মাঝেই মাঠে নেমে ধান গোছা বাঁধতে দেখা গেল কুলতলি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মাধবী মহলদারকে।
নির্বাচনের মরশুমে এমন চিত্র নতুন নয়-কেউ দাড়ি কাটছেন,কেউ বাড়ির প্লাস্টার করছেন,ভোটের আগে এবার জনসংযোগে নানা চটকদার উদ্যোগ নিচ্ছেন প্রার্থীরা। সেই পথেই কি হাঁটলেন মাধবী, উঠছে প্রশ্ন।তবে এক্ষেত্রে প্রার্থীর দাবি, এটি নিছক প্রচারের অংশ নয়। তিনি নিজেকে ‘কৃষকের মেয়ে’ বলেই পরিচয় দেন।
জানান, তাঁর নিজের জমি রয়েছে এবং সেখানেই তিনি চাষাবাদও করেন। যদিও নির্বাচনী ব্যস্ততার কারণে এ বছর চাষের কাজে সরাসরি যুক্ত থাকতে পারছেন না, তাই মাঠে নেমে সেই ইচ্ছেরই আংশিক পূরণ করলেন।
কুলতলির কৃষকদের উদ্দেশে একাধিক প্রতিশ্রুতিও দেন মাধবী মহলদার। তাঁর দাবি, এলাকায় মিষ্টি জলের চাষের ব্যবস্থা করা হবে, তৈরি করা হবে রাইস মিল ও কোল্ড স্টোরেজ।
কৃষকদের সমস্যার সমাধানে সবরকম পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন বিজেপি প্রার্থী।আর সব মিলিয়ে জমে উঠেছে কুলতলির ভোটের ময়দান।











