ভালোবাসার সপ্তাহের প্রথম দিন শনিবার। ক্যালেন্ডারে নাম—‘রোজ ডে’। আর শনিবার সকাল হতেই শহরের ফুলের বাজারে যেন ভালোবাসার ঢেউ। লাল, সাদা, গোলাপি—রঙিন গোলাপে ছেয়ে গেছে দোকান, কিন্তু সেই ভালোবাসার প্রতীক ছুঁতে গিয়েই টের পাচ্ছেন ক্রেতারা—দাম আকাশছোঁয়া।
এবছর ‘রোজ ডে’-তেই একেকটি গোলাপের দাম পৌঁছে গিয়েছে প্রায় ৩০টাকা থেকে ৫০ টাকায়। কিছু বিশেষ প্রজাতির গোলাপের দাম তো ৬০ টাকা ছুঁইছুঁই। তবুও থেমে নেই ভিড়। প্রেমের টানে বাজার মুখী তরুণ-তরুণীরা। দাম বাড়লেও ভালোবাসা থামে না। কেউ হাতখরচ বাঁচিয়ে, কেউ আবার মাসের বেতনের একটা অংশ আলাদা রেখেই কিনছেন গোলাপ। কারও হাতে একটিমাত্র লাল গোলাপ, কারও হাতে বড় তোড়া—সবাই যেন একটাই কথা বলতে চান, “ভালোবাসা আজ একটু দামি, তবুও দরকার”।
ব্যবসায়ীরা জানাচ্ছেন, প্রেমের সপ্তাহের সঙ্গে সঙ্গে বিয়ের মরশুম চলায় চাহিদা দ্বিগুণ হয়েছে। ফলে দামও চড়েছে স্বাভাবিকভাবেই। বাজারে সবচেয়ে বেশি চাহিদা বেঙ্গালুরু ও পুনে থেকে আসা গোলাপের। সাদা গোলাপের দাম তুলনামূলক বেশি—দরদাম করলে ৫০ টাকা, না করলে ৬০ টাকা পর্যন্ত। আর ভালোবাসার চিরন্তন প্রতীক লাল গোলাপ—বরাবরের মতোই বিক্রির শীর্ষে।
স্থানীয় গোলাপে তৈরি তোড়ার দাম শুরু হচ্ছে প্রায় ২৫০-৩০০ টাকা।
আর ভিনরাজ্যের গোলাপে তৈরি বড় তোড়া কিনতে গেলে খরচ পড়ছে ৬০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের চোখ ফেব্রুয়ারি জুড়ে। ফুল বিক্রেতাদের আশা, ফেব্রুয়ারি জুড়ে প্রেমের আবহ থাকলে বিক্রি আরও বাড়বে। শীতের আমেজ বজায় থাকলে গোলাপের চাহিদা কমবে না বলেই মত তাঁদের। দাম যতই বাড়ুক, ভালোবাসার প্রকাশে কার্পণ্য নেই শহরের মানুষের। ‘রোজ ডে’-তে তাই গোলাপ শুধু ফুল নয়—এ যেন আবেগেরই আরেক নাম।








