অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ানডে-তে দুরন্ত পারফরম্যান্সের পরও রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ ঘিরে নতুন প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ যে তিন ম্যাচের সিরিজ খেলতে চলেছে, সেই স্কোয়াডে রাখা হয়নি এই দুই তারকাকে। শোনা যাচ্ছিল — ধারাবাহিক ম্যাচ প্র্যাকটিস করিয়ে রাখতে তাঁদের এই সিরিজে খেলানো হতে পারে। কিন্তু নির্বাচকরা সেই পথে এগোলেন না।
গত কয়েক মাস ধরে গুঞ্জন চলছিল — অস্ট্রেলিয়া সফর শেষেই নাকি অবসর ঘোষণা করতে পারেন এই দুই আইকন। তবে সেই জল্পনা সত্যি হয়নি। বরং অজিদের বিরুদ্ধে রোহিত আবার প্রমাণ করেছেন, তিনি এখনও নিজে থেকে পিছু হটার মতো অবস্থায় নেই। বিরাটও শেষ ম্যাচে ভালো ছাপ রেখে গিয়েছেন। ভারতীয় দল ৩০ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে। এরপর বাকি দুই ম্যাচ ৩ ও ৬ ডিসেম্বর। সেই আন্তর্জাতিক সিরিজে রোহিত-বিরাট খেলার কথা থাকলেও তার আগে ভারত ‘এ’ দলের হয়ে প্রস্তুতি ম্যাচে নামার সুযোগ মিলল না তাঁদের।
ক্রিকেট অ্যানালিস্টদের একাংশের মত — ২০২৭ বিশ্বকাপকে মাথায় রেখে রো-কে-দের নিয়মিত খেলার মধ্যে থাকতে দেওয়া উচিত। সেজন্য ঘরোয়া ওয়ানডে, ভারত ‘এ’ সিরিজেও তাঁদের দেখা উচিত ছিল। কিন্তু এ দলে দু’জনকেই রাখা হল না। এই সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ বোর্ড প্রকাশ করেনি। এমনকি তাঁদের সঙ্গে এই ম্যাচ খেলার জন্য যোগাযোগ করা হয়েছিল কিনা — সেটাও স্পষ্ট নয়। ভারত ‘এ’ দলের অধিনায়ক হচ্ছেন তিলক বর্মা। ঈশান কিষানও দীর্ঘ বিরতির পর স্কোয়াডে ফিরলেন।
এখন বড় প্রশ্ন — এই বাদ পড়া কি শুধুই সম্মানের কারণে, নাকি এটা এক নিঃশব্দ বার্তা — ভারতীয় ক্রিকেটের আগামী পরিকল্পনায় রোহিত-বিরাট আর মূল কেন্দ্রবিন্দুতে নেই?












