রায়না, ১১ জুন: আরামবাগ-বিষ্ণুপুর রোডের কালিপুর ব্রিজের বেহাল অবস্থার জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পূর্ব বর্ধমান ও সংলগ্ন এলাকার হাজার হাজার মানুষ। ব্রিজে যান চলাচলে বাধা থাকায় ওই রুটের অধিকাংশ পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন বর্তমানে উচালন-আমতলা হয়ে একলক্ষী রুট ব্যবহার করছে। ফলে বর্ধমান-আরামবাগ ও বর্ধমান-একলক্ষী সড়কে প্রতিদিনই তৈরি হচ্ছে দীর্ঘ যানজট।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এমনিতেই একলক্ষী রোডের একাধিক অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। তার উপর অতিরিক্ত যানবাহনের চাপ পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত ও ভাঙাচোরা অংশ থাকায় যানবাহনের গতি কমে যাচ্ছে, যার ফলে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে।
প্রতিদিন কর্মস্থলগামী মানুষ, ছাত্রছাত্রী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শুধু যানজটই নয়, বেহাল রাস্তার কারণে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। স্থানীয়দের দাবি, প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এই সড়কে। গতকাল একলক্ষীর কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত কালিপুর ব্রিজের সংস্কারের কাজ সম্পূর্ণ করতে হবে এবং বর্ধমান-একলক্ষী রোডের জরুরি ভিত্তিতে মেরামতি শুরু করতে হবে। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
সাধারণ মানুষের বক্তব্য, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। এখন দেখার, স্থানীয়দের দীর্ঘদিনের এই দাবি পূরণে সংশ্লিষ্ট দফতর কতটা দ্রুত উদ্যোগ নেয়।








