পবিত্র রমজান মাসের মধ্যেই হোলির শুভেচ্ছা জানিয়ে বিতর্কে জড়ালেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার Irfan Pathan। সোশাল মিডিয়ায় হোলি উদযাপনের ভিডিও পোস্ট করতেই একাংশের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে।ভিডিওতে দেখা যায়, প্রাক্তন ক্রিকেটার Yuvraj Singh-এর হাতে পিচকিরি। খানিকটা দূরে দাঁড়িয়ে ইরফান। যুবরাজ তাঁর গায়ে রং মাখিয়ে দেন।
পাশাপাশি ইরফানের গায়ে রং দেন প্রাক্তন পেসার Dhawal Kulkarni এবং উপস্থিত ছিলেন লেগস্পিনার Rahul Sharma। ভিডিও পোস্ট করে ইরফান লেখেন, “তোমাদের উজ্জ্বল ও রঙিন হোলি কাটুক। সবাইকে হোলির শুভেচ্ছা।”রমজান মাসে রোজা রাখার মাঝেই হোলি উদযাপন করায় সোশাল মিডিয়ায় তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়।
কেউ কেউ কটাক্ষ করে লেখেন, “মুসলমান হয়ে রমজান মাসে রং খেলা কেন?” এমনকি এক পাকিস্তানি নেটিজেন মন্তব্য করেন, দেশের প্রতি আনুগত্য প্রমাণ করতেই নাকি তাঁকে এমনটা করতে হচ্ছে।তবে সমালোচনার পাশাপাশি সমর্থনের সুরও শোনা যায়। অনেকেই ইরফানের পাশে দাঁড়িয়ে লেখেন, উৎসবের শুভেচ্ছা জানানো ব্যক্তিগত বিষয় এবং ভারত সর্বধর্ম সমন্বয়ের দেশ।
এক নেটিজেনের কথায়, “হোলির শুভেচ্ছা জানানোর জন্য ইরফান পাঠানকে কেন ঘৃণা করা হবে?” আবার কেউ লেখেন, “আমার সুর, তোমার সুর—সব সুর মিলেই এই দেশ মহান।”উল্লেখ্য, ইরফান পাঠান বরাবরই বিভিন্ন সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তায় সরব থেকেছেন। এবারও তাঁর হোলি শুভেচ্ছা ঘিরে যেমন বিতর্ক তৈরি হয়েছে, তেমনই বহু অনুরাগী শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন প্রাক্তন এই অলরাউন্ডারকে।








