ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারার বিরুদ্ধে স্কুলে ঢুকে ‘দাদাগিরি’র অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। ঘটনাকে ঘিরে কড়া সমালোচনায় মুখর হয়েছে তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডঘোষ ব্লক তৃণমূল সভাপতি অপার্থিব ইসলাম প্রকাশ্যে বিধায়ককে কটাক্ষ করে তীব্র মন্তব্য করেন।
সম্প্রতি ইন্দাসের কুশমুড়ি উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন শিক্ষকের অনুমতি ছাড়াই শ্রেণিকক্ষে প্রবেশ করেন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারা— এমন অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
অপার্থিব ইসলাম বলেন, “গরু যেমন মাঝে মাঝে মাঠে চড়তে চড়তে স্কুলের মধ্যে ঢুকে পড়ে, এই ক্ষেত্রেও সেটাই হয়েছে”। একই সঙ্গে তিনি কটাক্ষের সুরে আরও বলেন, “প্লিজ, ওকে ক্ষমা করে দিন।” তাঁর বক্তব্য, বিজেপির নেতারা নিজেদের ‘গোমাতার সন্তান’ বলেন, কিন্তু আচরণে-ও তাদের প্রতিফলন আছে— এমন ইঙ্গিতও দেন তিনি।
তৃণমূলের অভিযোগ, একজন নির্বাচিত জনপ্রতিনিধির উচিত ছিল বিদ্যালয়ের শৃঙ্খলা ও নিয়ম মেনে চলা। শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধরনের আচরণ অনভিপ্রেত এবং ছাত্রছাত্রীদের সামনে তা অনুচিত বার্তা দেয় বলেও মত শাসকদলের নেতাদের।







