মুর্শিদাবাদের লালবাগে আবারো পুলিশের বড়সড় সাফল্য। হোটেলের আড়ালে রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর! গোপন সূত্রে খবর পেয়ে লালবাগের মতিঝিল সংলগ্ন একটি বেসরকারি হোটেলে অভিযান চালাল মুর্শিদাবাদ থানার পুলিশ। ঘটনাস্থল থেকে হোটেলের ম্যানেজারসহ গ্রেফতার ৪ জন, পাশাপাশি উদ্ধার করা হয়েছে ৪ জন মহিলাকে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা নাগাদ লালবাগের মতিঝিল সংলগ্ন একটি বেসরকারি হোটেলে আচমকা হানা দেয় পুলিশ। মুর্শিদাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজা সরকার এবং মহিলা সাব-ইন্সপেক্টর মনীষা প্রসাদের যৌথ তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান চালানো হয়।দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে খবর আসছিল যে, পর্যটন কেন্দ্র মতিঝিল এলাকার এই হোটেলে পর্যটকদের আড়ালে অনৈতিক কাজকর্ম চালানো হচ্ছে।
গতকাল সন্ধ্যায় পুলিশি অভিযানে হাতেনাতে ধরা পড়ে যায় অপরাধীরা। পুলিশি জেরার মুখে ধৃত মহিলারা স্বীকার করেছেন যে, তাঁরা এই দেহ ব্যবসার সঙ্গেই যুক্ত ছিলেন।বুধবার ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হবে।










