মুসলিম ধর্মাবলম্বী হলে কি বলিউডে কাজ পাওয়া কঠিন হয়ে উঠেছে? হিন্দি চলচ্চিত্র জগতেও কি ক্রমশ প্রভাব ফেলছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি? এআর রহমানের সাম্প্রতিক মন্তব্য ঘিরে এমনই একাধিক প্রশ্ন সামনে এসেছে। বিষয়টি নিয়ে যেমন বিনোদুনিয়ায় তীব্র আলোচনা শুরু হয়েছে, তেমনই রাজনৈতিক মহলেও বিতর্ক দানা বেঁধেছে। রহমানের বক্তব্য খারিজ করে বিজেপির তরফে পাল্টা উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে শাহরুখ ও সলমনের দীর্ঘ তিন দশকের সফল কেরিয়ারের কথা। এই আবহেই সাধারণতন্ত্র দিবসে নিজেকে ‘গর্বিত ভারতবাসী’ হিসেবে তুলে ধরে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দিলেন বলিউড বাদশা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এআর রহমান মন্তব্য করেন, “গত আট বছরে ক্ষমতার পালাবদলের পাল্লায় পড়ে বলিউডে বহু কাজ হাতছাড়া হয়েছে। এর নেপথ্যে সাম্প্রদায়িক বিভাজন নীতিও হতে পারে।…” অস্কারজয়ী সুরকারের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই একে একে প্রতিক্রিয়া জানিয়েছেন বিনোদুনিয়ার বহু তারকা। যদিও ‘খান’ পদবি ঘিরে অতীতে একাধিকবার কটাক্ষের মুখে পড়লেও এই বিতর্কে সরাসরি কোনও মন্তব্য করেননি শাহরুখ খান। তবে সোমবার সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তার মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করে দেন তিনি। এক্স হ্যান্ডেলে শাহরুখ লেখেন, ‘ভারতীয় হিসেবে আমি গর্বিত। বৈচিত্র্যের মধ্যেই যে শক্তি এবং ঐক্য নিহিত, আমাদের দেশ আমাদের সেটাই শিখিয়ে এসেছে। সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ এবং সকলের প্রতি ভালোবাসা।’
একই সুরে কথা বলেন দক্ষিণী তারকা কমল হাসানও। সাধারণতন্ত্র দিবসের ঐতিহাসিক তাৎপর্য স্মরণ করিয়ে তিনি বলেন, “আমাদের পূর্বপুরুষরা ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়ে সংবিধানের মাধ্যমে নিজেদের শাসন কায়েমের সিদ্ধান্ত যেদিন নিয়েছিলেন, সেদিনই সাধারণতন্ত্রের জন্ম হয়েছিল। বৈচিত্র্য এবং গণতান্ত্রিক চেতনার প্রতি শ্রদ্ধাতেই এর শক্তি নিহিত রয়েছে।” পাশাপাশি অক্ষয় কুমার ও অনুপম খেরের মতো অভিনেতারাও গর্বের সঙ্গে নিজেদের ভারতীয় পরিচয় তুলে ধরেন। এআর রহমানের মন্তব্যে যখন ‘সাম্প্রদায়িক বিভেদ’ বিতর্ক নতুন করে উসকে উঠেছে, তখন এই আবহেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দিতে দেখা গেল বিনোদুনিয়ার বহু পরিচিত মুখকে।
এদিকে, চলতি বছরের সাধারণতন্ত্র দিবস ভারতীয় চলচ্চিত্র জগতের জন্যও বিশেষ হয়ে রইল। কারণ এই প্রথমবার কর্তব্য পথে প্রদর্শিত হয়েছে সিনেমাকে ঘিরে বিশেষ ট্যাবলো। সেই উদযাপনের মুহূর্ত ভাগ করে নিয়েছেন হৃতিক রোশন, রামচরণ, জুনিয়র এনটিআরদের পাশাপাশি আলিয়া ভাটও। মেয়ের আঁকা তেরঙ্গা হাতে রেখেই সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান অভিনেত্রী।











