রাষ্ট্রসংঘের মহাসচিব পদে বসুন ফিফার সর্বময়কর্তা জিয়ান্নি ইনফান্তিনো। এমনটাই চাইছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সংবাদমাধ্যমের মতে, ফিফা সভাপতিকে রাষ্ট্রসংঘের মাথায় বসানোর প্রস্তাব করেছেন ট্রাম্প।

এমনিতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইনফান্তিনোর অতি মাখামাখি নিয়ে সমালোচনা হয়েছে। অনেকের মতে, কার্যত আমেরিকার কাছে ফিফাকে বিকিয়ে দিয়েছেন ইনফান্তিনো। এবার বিশ্বকাপ শেষ হতেই সেই ‘দাসত্বে’র পুরস্কার পেতে পারেন ফিফা সভাপতি। আমেরিকার সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’-এর খবর অনুযায়ী ট্রাম্পের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, ‘ইনফান্তিনো বিশ্বের সব জায়গায় সম্মান পান।
মানুষকে একছাতার তলায় নিয়ে আসার বিশেষ ক্ষমতা আছে ওঁর মধ্যে।’ চলতি বছরের ডিসেম্বরেই রাষ্ট্রসংঘের সচিব পদে নির্বাচন। আপাতত ওই পদে আছেন পর্তুগালের আন্তোনিও গুতেরেস। সুইজারল্যান্ডের ইনফান্তিনো নিজে এই পদে বসতে চান কি না, সেটা এখনও জানা যায়নি।
তবে ট্রাম্প ‘নিজের লোক’ বসাতে চাইছেন। সচিব হতে গেলে ইনফান্তিনোকে প্রথমে ১৫-সদস্যের নিরাপত্তা পরিষদের অনুমোদন পেতে হবে। যেখানে পাঁচজন স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। আপাতত ওই পদের জন্য সাতজন দৌড়ে আছেন। যদি ওই সংবাদমাধ্যমের মতে ট্রাম্পের কাছে সাতজনই ‘দুর্বল’ প্রার্থী।
এঁদের মধ্যে আছেন চিলির প্রাক্তন রাষ্ট্রপতি ও সোশালিস্ট পার্টির মিশেল বাশালে। আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি, যিনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বর্তমান প্রধান পরিচালক।









