কলকাতা:- কালিয়াচকের ঘটনার পর রাজ্যে ক্রমবর্ধমান অশান্তির আবহে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ভোট শুরুর এখনও প্রায় ২০ দিন বাকি থাকলেও বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সামনে আসায় উদ্বিগ্ন কমিশন।

সূত্রের খবর, বৃহস্পতিবার থেকেই রাজ্যজুড়ে বেআইনি জমায়েতের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ, ছোট বা বড়—যে কোনও রাজনৈতিক মিটিং, মিছিল বা জমায়েত করতে হলে আগে থেকে অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কোনও জমায়েত করা যাবে না।
এই নির্দেশ অমান্য করলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে বলেও জানানো হয়েছে। এমনকি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যাওয়ার ক্ষেত্রেও আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
উল্লেখ্য, মালদহের কালিয়াচকের ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেই প্রেক্ষিতে কমিশনকে এনআইএ তদন্তের নির্দেশও দিতে হয়েছে, যা ভোট ঘোষণার পর বিরল পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে, বিএলও রক্ষা কমিটি মঞ্চকে ঘিরেও কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। ফের কোনওভাবে বিক্ষোভ বা জমায়েতের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, এমনকি সাসপেনশনও হতে পারে বলে সূত্রের খবর।
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কমিশনের এই কঠোর অবস্থান তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, এই নির্দেশ কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়।







