
নিজস্ব সংবাদদাতা : পূর্বস্থলী, ১ লা জুলাই — বিভিন্ন দাবিতে পূর্বস্থলী ১ ব্লকে বুধবার মহামিছিল সংগঠিত হয়। সিপিআইএমের পূর্বস্থলী ১ এরিয়া কমিটির উদ্যোগে সমুদ্রগড়ের নিমতলা ময়দানে জমায়েত হয়। সেখান থেকে মিছিল শুরু হয়ে সমুদ্রগড় ও নসরতপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম পরিক্রমার পর সমুদ্রগড় রেল বাজারের শেষ হয়। এদিন মহা মিছিল যত এগিয়েছে মানুষের যোগদানে মহা মিছিলের বহর ততটাই বৃদ্ধি পেয়েছে।

মহা মিছিল শেষে পথসভায় দাবিগুলির সমর্থনে বক্তব্য রাখেন পার্টির এরিয়া কমিটির সম্পাদক সাখাওয়াত হোসেন, প্রবীর মজুমদার, সাহাদুল খান প্রমুখ। মহামিছিলের এদিনকার দাবিগুলো ছিল– ট্রাইব্যুনালে ঝুলে থাকা ২৭ লক্ষ বৈধ ভোটারের মামলা দ্রুত নিষ্পত্তি করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, সব জবকার্ড হোল্ডারদের ১০০ দিনের কাজ চালু করা, আবাস যোজনা প্রকল্পে প্রকৃত গরিবদের ঘর প্রদান করা, সমুদ্রগড় রেল স্টেশন চত্বরে যে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে, তা প্রত্যাহার করতে হবে যতক্ষণ না পর্যন্ত উচ্ছেদ হওয়া মানুষের পুনর্বাসন হচ্ছে। এদিনের মহামিছিলে অংশগ্রহণ করেন পার্টি শরাফত শেখ, সাহাদুল খান, আলেয়া বেগম, শ্যামল চৌধুরী প্রমূখ।











